অপরাধ যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপরাধ যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কাউকেও ছাড় দেয়া হবে না।
সোমবার বেলা ১১টায় সাবরেজিস্ট্রার অফিসে গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত মানুষ, গুটি কয়েক শোষকের দল থাকে। আর সমাজের অধিকাংশ মানুষ ভালো থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- দুর্নীতি কিন্তু বাংলার কৃষক করে না, শ্রমিক করে না। দুর্নীতি করে আমার আপনার মতো শিক্ষিত সমাজের মানুষেরা।
তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতিগ্রস্ত গুটি কয়েক লোককে প্রতিরোধ করে, সমাজের অধিকাংশ মানুষের সেবা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। আর কেহ যদি কোনো নেতার গরম দেখায়- তবে আপনাদের সামনে আমার ফোন নম্বর দেয়া আছে ০১৭৬৬৬৯৯৯৯৯। তারপরও এই অফিসের সব খবর আমার জানা আছে। সিংড়াকে আমরা শান্তিপ্রিয় আধুনিক এলাকা হিসেবে উপহার দিতে চাই।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে অনিয়ম, কৃষি, বিদ্যুৎ ও ভূমি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে অভিযোগ করেন চলনবিলের কৃষক ও স্থানীয় এলাকাবাসীরা। পরে প্রতিমন্ত্রী পলক অনুষ্ঠানে উপস্থাপিত সমস্যাগুলোর সমাধানের জন্য স্ব-স্ব দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, সাবরেজিস্ট্রার সাজেদুল হক, ওসি মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
