‘ইংলিশ ব্যাটসম্যানদের কোহলির কাছ থেকে শেখা উচিত’
নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে (১০৩)সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
ইংলিশ ফাস্ট বোলার ক্রিস ওকসের গতির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৯৭ বলে ১০ বাউন্ডারিতে ১০৩ রান সংগ্রহ করেন ভারতীয় দলের এ অধিনায়ক।
সোমবার ক্যারিয়ারের ৬৯তম টেস্টে ২৩তম সেঞ্চুরি হাঁকান ভারতীয় তারকা ক্রিকেটার। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ২১১ ম্যাচে ৩৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের অন্যতম সেরা এই ক্রিকেটার।
নটিংহাম টেস্টে দুই ইনিংস মিলে কোহলির সংগ্রহ ২০০ রান। এর আগে সিরিজের প্রথম টেস্টে এজবাস্টনে সেঞ্চুরিসহ দুই ইনিংস মিলে করেছেন ২০০ রান। তবে মাঝে লর্ডস টেস্টে রান পাননি তিনি। যে কারণে ইনিংস পরাজয় হয় ভারতের।
ইংল্যান্ড সফরে ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় অধিনায়কের পারফরম্যান্সে মুগ্ধ প্রতিপক্ষ ইংল্যান্ড দলের কোচ পল ফারব্রেস।
তিনি কোহলির উপমা টেনে বলেন, আমাদের দলের খেলোয়াড়দের উচিত বিরাট কোহলিকে অনুকরণ করা। কোহলি ক্রিকেটের মাঠে যেভাবে দাপট দেখাচ্ছে, তা অবিশ্বাস্য। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের তাকে দেখে শেখা উচিত বলেই মত ফারব্রেসের।
কোহলি সর্বকালের সেরা ব্যাটসম্যান কিনা এই বিতর্ক এড়িয়ে গিয়েও এই ব্রিটিশ কোচ জানিয়ে দিলেন এই মুহূর্তে বিরাটই বিশ্বসেরা। তার মতে চলতি টেস্ট সিরিজে টেকনিকের সঙ্গে আক্রমনাত্মক ব্যাটিংয়ের যে মিশেল ঘটিয়েছেন বিরাট তা সত্যিই তারিফ করার মতন। সত্যিই এইরকম বড় রান পাওয়ার যোগ্য একমাত্র বিরাটই।
