ডেমরার কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘কুত্তা’ মিলন জেলে
রাজধানীর ডেমরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনহাজুর রহমান মিলন ওরফে কুত্তা মিলনকে (৪২) গ্রেফতারের পর জেলখানায় পাঠানো হয়েছে।
রোববার রাতে বড়ভাঙ্গা এলাকায় কুত্তা মিলনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকার হাজী মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
সোমবার ঢাকা মহানগর আদালতে তাকে হাজির করা হলে তাকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মিলনকে গ্রেফতারের সময় বাদশা নামে এক এএসআইকে আহত করে পালাতে চায়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০১৩ পুরিয়া (৪১০ গ্রাম) হেরোইন, ১১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি চাইনিজ কুড়াল ও ২টি লম্বা ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ডেমরা জোনের এসি ইফতেখায়রুল ইসলাম যুগান্তরকে বলেন, কুত্তা মিলন ওই এলাকার মাদকের নিয়ন্ত্রক। প্রশাসনের হাত থেকে পালানোর জন্য তার বহুতল বাড়িটি নির্মাণ করা হয়েছে পরিকল্পিতভাবে।
সুরঙ্গের মতো ওই বাড়ির প্রতিটি রুম থেকেই পালানোর সুব্যবস্থা রয়েছে। চারদিক সিসি ক্যামেরার আওতায় বলে তাকে সহজে গ্রেফতার করা যায় না।
দীর্ঘদিন ধরেই তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। এবারও সে নিজের বাড়িতে আগুন দেয়াসহ পালানোর অনেক কৌশল করে ব্যর্থ হয়েছে। তার নামে ডেমরা থানায় একাধিক মামলাসহ এলাকাবাসীর হাজারো অভিযোগ রয়েছে।
