Breaking News

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বগুড়া
ছবি-যুগান্তর
বগুড়ায় শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটননায় এক নারী আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস প্রামাণিকের ছেলে আলিমুদ্দিন প্রামাণিক (৭০), খলিসাকান্দি গ্রামের বাচ্চু প্রামাণিকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৬০) ও মাঝিড়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে অটোরিকশার চালক শফিকুল ইসলাম (৪২)। আহত হলেন, খলিসাকান্দি গ্রামের আবদুল খালেকের স্ত্রী মরিয়ম বেগম (৪০)।
শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী আল-হামরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৩২) বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর এলাকার মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বগুড়া থেকে শাজাহানপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলে মারা যান। আহত দু’জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির পর একজন মারা যান। আহত এক নারী চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।