Breaking News

২১ আগস্ট খুনিদের বাঁচাতে বিএনপি হৈচৈ করছে: ইনু

নিজ বাসভবনে হাসানুল হক ইনু।
নিজ বাসভবনে হাসানুল হক ইনু। ছবি-সংগৃহীত
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের মামলা থেকে আড়াল করার জন্য বিএনপি এবং তার শরিকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে হৈচৈ শুরু করেছে।
ইনু বলেন, ‘গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের আগে বিএনপির হাঙ্গামা আসল খুনিদের বাঁচানোর অপচেষ্টা।’
তিনি বলেন, ‘১৪ বছর আগে গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি চাইলে আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না।’
বৃহস্পতিবার কুষ্টিযার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের আগে সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছিল। এটা কোনো আদালতের ওপর হস্তক্ষেপ নয়; বরং চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হৈ-হুল্লোড় করাটা আদালতকে তোয়াক্কা না করার শামিল।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।