Breaking News

ক্যাপ্টেন খান দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস

শবনম বুবলী
* ঈদের মাত্র চারদিন আগে ঈদের ছবি ‘ক্যাপ্টেন খান’-এর গানের শুটিং শেষ করেছেন। কোনো ঝামেলা হয়নি তো?
** ঝামেলা হবে কেন? সিডিউলই এভাবে ঠিক করা ছিল। অবশ্য ঈদের আগমুহূর্তে করাতে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তাতে মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। বরং অন্য সময়ে শুটিং করলে যেভাবে করা হতো, ঈদের আগে আরও কাজ ভালো হয়েছে। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ক্যাপ্টেন খান দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।
* ক্যাপ্টেন খান ছাড়াও আরও একটি ছবির গানের শুটিং থাইল্যান্ডে করেছেন বলে শুনেছি...
** ওই ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি। দুটি গানের কিছু অংশের শুটিং করেছি। এ ছবিতেও আমি শাকিব খানের বিপরীতে অভিনয় করছি। শিগগিরই ছবিটির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।
* ‘প্রিয়তমা’ ছবির খবর কী?
** এ ছবির গল্প, স্ক্রিপ্ট সবই রেডি। যতদূর জানি, শাকিব খান সময় মেলাতে পারছেন না বলে ছবিটি শুটিং শুরু করতে দেরি হচ্ছে। এটা তারই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। এ ছবির শুটিং কবে হবে সেটাও ঈদের পর জানতে পারবেন।
* শাকিব খান ছাড়া এখনও অন্য কোনো নায়কের বিপরীতে আপনাকে দেখা যায়নি। প্রস্তাব পেলে অভিনয় করার ইচ্ছা আছে কি?
** অবশ্যই আছে। যেহেতু চলচ্চিত্রে কাজ করতে এসেছি, তাই নিয়মিতই করব। ভালো পরিচালক, গল্প পেলে অন্য নায়কের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।
* ঈদে কোথায় থাকছেন?
** ঢাকাতেই আছি। কোরবানি ঢাকাতেই দেব।
আনন্দনগর প্রতিবেদক