প্রতি জনের একটি করে গোল
জার্মান কাপের প্রথম রাউন্ডের ম্যাচে রোববার গ্লাডবাখকে আতিথ্য দিয়েছিল পুঁচকে হাসটেড। অতিথি সেবায় তারা কোনো কার্পণ্য না করলেও প্রতিদানে অপমানের চূড়ান্ত হতে হয়েছে পঞ্চম বিভাগের দলটিকে।
জনপ্রতি একটি করে গোল হজমের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের! হাসটেডকে ১১-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্লাডবাখ। চমক আরও আছে। এক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনজন!
পাড়ার ফুটবলেও এমন কাণ্ড সচরাচর দেখা যায় না। গ্লাডবাখের জার্সিতে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড আলাসায়ে প্লিয়া। অপর দুই হ্যাটট্রিক হিরো চেলসি তারকা ইডেন হ্যাজার্ডের ভাই থরগ্যান হ্যাজার্ড ও ব্রাজিলীয় ফরোয়ার্ড রাফায়েল।
একে একে ১১ গোল হজমের পর শেষ মুহূর্তে একটি গোল ফিরিয়ে দেন হাসটেডের দিয়ার কুকুক। এমন গোল উৎসবের পরও অবশ্য জার্মান কাপে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছুঁতে পারেনি গ্লাডবাখ। রেকর্ডটি বায়ার্ন মিউনিখের দখলে। ১৯৯৭-৯৮ মৌসুমে ওয়ালডবার্গের বিপক্ষে বায়ার্ন জিতেছিল ১৬-১ গোলে।
