Breaking News

মুকসুদপুরে কিশোরকে হত্যা ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

আটক দুই ছিনতাইকারী
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিজয় শেখ (১৪) নামে এক ড্রাইভার শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় দুই ছিনতাইকারীকে জনতা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ডোমড়াকান্দি নাম স্থানে এ ঘটনা ঘটে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।
নিহত বিজয় শেখ রাজৈর উপজেলার তাঁতীকান্দা গ্রামের খলিল শেখের ছেলে।
আটককৃত ছিনতাইকারীরা হলো ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের হারুন শেখের ছেলে আল-আমিন শেখ (১৮), একই উপজেলার পূর্ব সদরদী গ্রামের আশরাফ মৃধার ছেলে রবিন মৃধা (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সংঘবদ্ধ ৩-৪ জনের ছিনতাইকারীর দল যাত্রীবেশে ৩-৪ কিলোমিটার পথ যাবে বলে টেকেরহাট উত্তরপাড় বাসষ্ট্যান্ড থেকে বিজয় শেখ নামে এক কিশোরের ইজিবাইক ১৫০ টাকা দিয়ে ভাড়া করে। এ সময় ড্রাইভার বিজয় সঙ্গী হিসেবে তার চাচাতো ভাই শাওনকে সঙ্গে করে নিয়ে যায়।
মহাসড়কের ডোমড়াকান্দি নামক স্থানে পৌঁছালে ছিনতাইকারী দল কৌশলে ড্রাইভার বিজয় শেখকে ইজিবাইক থেকে নামিয়ে নিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে খালের মধ্যে পাট জাগের মধ্যে লুকিয়ে রেখে আসে। এসময় বিজয়ের সঙ্গে থাকা চাচাতো ভাই শাওন টের পেয়ে নিকটবর্তী বাসষ্ট্যান্ড ছাগলছিড়া গিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্য ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুজনকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে স্থানীয় লোকজন ও সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ অনেক খোঁজাখুজির পর ড্রাইভার বিজয়কে খালের মধ্যে পাট জাগের ভিতর থেকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনহত ব্যবস্থা নেয়া হবে।