Breaking News

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব


চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব
ছবি-যুগান্তর
শিল্প, কৃষি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। শিল্প সচিব মুহাম্মদ আবদুল্লাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলামকে পাঠানো হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান গত ১৬ আগস্ট অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আব্দুল হালিমকে ভারপ্রাপ্ত শিল্প সচিব করেছে সরকার।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ গত ১৮ আগস্ট পিআরএলে গেছেন।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবদুল্লাহ ২০১৫ সালের ২০ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিসিএস প্রশাসন অ্যাকাডেমিতে রেক্টর পদে যোগদান দেন।
২০১৬ সালের ১৪ জুন সচিব পদে পদোন্নতি পান তিনি। শিল্প সচিবরে দায়িত্বে যোগ দেয়ার আগে তিনি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্বেও ছিলেন। সচিব পদে পদোন্নতির আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের দায়িত্বও সামলান আবদুল্লাহ।
জামালপুরে জন্ম নেয়া আবদুল্লাহ ভোলা সদর ও মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাগড়াছড়ির জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবদুল হালিম ২০১১ সালের জুন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি মাগুরার জেলা প্রশাসক ছাড়াও নওগাঁর মহাদেবপুর, রংপুরের কাউনিয়া এবং ফরিদপুরের সদরপুর উপজেলার ইউএনও’র দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদায় ৭৮ জন কর্মকর্তা আছেন।