Breaking News

শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছে তাদের সঙ্গে সংলাপ নয়: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
যারা গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, তাদের সঙ্গে সংলাপ করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কবিরহাট বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় বলে সংলাপ। যারা পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, তাদের সঙ্গে সংলাপ বা আলোচনা করা যায় না।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় তার সঙ্গে দেখা করতে, পুত্র হারানোর শোক ভাগাভাগি করতে; তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। ঘণ্টারও বেশি সময় ধরে শেখ হাসিনাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সর্বশেষ মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে খালেদা জিয়ার নেতাকর্মীরা। যেদিন শেখ হাসিনার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়া হয়েছে, সেদিনই তাদের সঙ্গে সংলাপের দরজা বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে না পারলেও ২২ নেতাকর্মী নিহত হয়েছেন। আর এ হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান হাওয়া ভবনে বসে এ হামলার নীলনকশা প্রস্তুত করেছেন।
আগামী মাসের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচারকার্য শেষ হতে পারে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এত কিছুর পরও শেখ হাসিনা খালেদা জিয়াকে গণভবনে ডেকেছেন। কিন্তু তিনি যাননি উল্টো অশোভন আচরণ করেছেন শেখ হাসিনার সঙ্গে। তিনি গণভবনেও গেলেন না, নির্বাচনেও গেলেন না। উল্টো গণতন্ত্র রক্ষার নামে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও চালিয়েছেন। রক্তাক্ত করেছেন দেশকে।